গাংচিল অনলাইন.কমঃ নোয়াখালীর হাতিয়ায় করোনা উপসর্গ নিয়ে পলি আক্তার (২০) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। এদিকে চাটখিলে নতুন করে এক যুবকের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। তার দেশের বাড়ি কুড়িগ্রামে। তিনি চাটখিল পৌরসভার ছায়েদ ম্যানশনে ভাড়া থাকেন।
চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন করে শনাক্ত ওই যুবক একটি ওষুধ কোম্পানির মেডিক্যাল রিপ্রেজেন্টিটিভ। গত ৩০ এপ্রিল কুড়িগ্রাম থেকে চাটখিলে আসেন তিনি। বিষয়টি জানতে পেরে গত ২ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রাম বিআইটিআইডিতে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রিপোর্ট আসে। যাতে করোনা পজেটিভ। ওই রাতেই তার বাসা লকডাউন করা হয়েছে। তাকে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া তার সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে তাদের নমুনা সংগ্রহ করা হবে।
এদিকে মৃত পলির পরিবারের বরাত দিয়ে হাতিয়া উপজেলা মেডিকেল অফিসার নিজাম উদ্দিন জানান, হাতিয়া পৌরসভার ওছখালি ৩ নং ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের নেছার উদ্দিনের মেয়ে পলি ও তার বোন ওছাখালীর একটি কম্পিউটারাইস ল্যাবে সহকারী হিসেবে কর্মরত ছিলেন। কিছুদিন আগে সোহেল নামে এক হাতিয়ার বাসিন্দা জ্বরে আক্রান্ত হওয়ায় তাকে এই ল্যাবে নমুনা পরীক্ষার জন্য আনেন তার বাবা। নমুনা পরীক্ষায় সোহেলের করোনা পজেটিভ আসে। তার নমুনা পরীক্ষার কাজ করেছেন পলি ও তার বোন। এছাড়া ওইসময় সোহেলের বাবার সংস্পর্শেও এসেছিল তারা দুই বোন।
পরিবার জানায়, পলির মাথাব্যাথা ও নাকের পলিপে সমস্যা থাকায় গত দু’মাস আগে ঢাকা থেকে চিকিৎসা নিয়ে ওষুধ খাচ্ছিলেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তারা। হাসপাতালে নিয়ে আসার ২০ মিনিট পরেই তার মৃত্যু হয়।
উপজেলা মেডিকেল অফিসার নিজাম উদ্দিন জানান জানান, মৃত পলিসহ তার বড় বোনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামি রবিবার নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডি চট্টগ্রামে পাঠানো হবে। এছাড়া লকডাউন করা হয়েছে তার বাড়ি। যেখানে রয়েছে চারটি পরিবার।
প্রসঙ্গত, জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে ২৩ জন হয়েছে। যার মধ্যে বেগমগঞ্জ উপজেলার ১১ জন, সদরের দুইজন, সোনাইমুড়ীর তিনজন, হাতিয়ার দুইজন, সেনবাগের একজন, কবিরহাটের দুইজন ও চাটখিলের দুইজন। এর মধ্যে মারা গেছেন সোনাইমুড়ীর এক ইতালি প্রবাসী ও সেনবাগের এক রাজমিস্ত্রী। সুস্থ হয়েছেন মৃত ওই ইতালী প্রবাসীর স্ত্রী।


0 Comments