Breaking News

header ads

লক্ষ্মীপুরে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড।

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় কৃষক আবদুর রশিদ হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর এ রায় প্রদান করেন। 

এ সময় মামলার অপর ৬ আসামিকে খালাস প্রদান করা হয়। খালাস প্রাপ্তরা হলেন দন্ডপ্রাপ্ত গিয়াসের ভাই মন্তাজ মিয়া, তোফাজ্জল হোসেন, ভাতিজা দেলোয়ার হোসেন, ইমান হোসেন, কাউছার ও শফিক। দন্ডপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিন উপজেলার উদনপাড়া গ্রামের মৃত কাদর আলীর ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদি ছিদ্দিক মিয়ার মেয়ে হাজেরা খাতুনের কাছ থেকে গিয়াস উদ্দিন টাকা ধার চায়। কিন্তু টাকা দিতে না পারায় হাজেরার সঙ্গে গিয়াসের ঝগড়া সৃষ্টি করে। এরজের ধরে ২০১২ সালের ১৭ আগস্ট আসামিরা লাঠিসোটা নিয়ে ছিদ্দিকের বাড়িতে এসে গালমন্দ করে। এতে কৃষক আবদুর রশিদ বাধা দিলে লোহার ছেনা দিয়ে গিয়াস উদ্দিন তাকে আঘাত করে। এতে তার ঘাড়ে রক্তাক্ত জখম হয়। ওই সময় হাজেরাকেও মারধর করা হয়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রশিদ মারা যান।

এ ঘটনায় ২০১৩ সালের ২৮ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে সোমবার দুপুরে এ রায় প্রদান করেন। 

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলি (পিপি) মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষনার সময় মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন কাঠগড়ায় উপস্থিত ছিলেন না।

Post a Comment

0 Comments