Breaking News

header ads

রায়পুরে যুবলীগ নেতা হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি :  
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১নং চর আবাবিল ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনু মিয়া হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

সোমবার (২ ডিসেম্বর) সকালে হায়দরগঞ্জ বাজারে এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এ সময় মামলার প্রধান আসামি উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মঞ্জুর হোসেন সুমনসহ হত্যাকারীদের ফাঁসির দাবী জানানো হয়েছে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাফর উল্যা দুলাল হাওলাদার, চর আবাবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন গাজী ও মনু হত্যা মামলার বাদী মো. নাজিম উদ্দিন।

বক্তারা বলেন, যুবলীগ নেতা সুমনসহ তার লোকজন প্রকাশ্যে মনু মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। আসামিরা জামিনে এসে মামলা তুলে নিতে বাড়িঘর ভাঙচুরসহ বাদী নাজিমকে হত্যার হুমকি দিচ্ছে। দ্রুত আসামিদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবী জানানো হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

জানা গেছে, ২০১৫ সালের ১৩ মার্চ সকালে হায়দরগঞ্জ বাজারে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে মনু মিয়াকে (৩৮) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরদিন মনু মিয়ার ভাগিনা নাজিম উদ্দিন বাদী হয়ে যুবলীগ নেতা সুমনকে প্রধান আসামি করে রায়পুর থানায় মামলা দায়ের করেন। ১৫ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনু মিয়া মারা যান। হত্যা মামলায় যুবলীগ নেতা সুমনসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছে পুলিশ। আসামিরা জামিনে রয়েছেন। 

Post a Comment

0 Comments