গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর সেনবাগে হাছিনা আক্তার পাখি নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে সেনবাগথানা পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী মো. আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (১২ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ফেনীর দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউপির বেটারপাড়ার আবু তাহেরের মেয়ে।
পাখির চাচাতো ভাই ইউনুছ বলেন, ১২ বছর আগে দক্ষিণ রাজারামপুর গ্রামের রুহুল আমিনের ছেলে আনোয়ারের সঙ্গে পাখির বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন অজুহাতে তাকে মারধর করতো আনোয়ার। সে কোনো কাজ না করায় চাচাতো ভাই ও চাচা মিলে আনোয়ারকে একটি অটোরিকশা কিনে দেন। এরপর বিভিন্ন সময় টাকার জন্য পাখিকে মারধর করতো আনোয়ার। সর্বশেষ গাড়ির লাইসেন্স করার টাকার জন্য পাখিকে চাপ দেয় সে। দুই দিন আগে পাখির বাবা আনোয়ারকে বিশ হাজার টাকা দেন। কিন্তু আনোয়ার ক্ষান্ত হয়নি। সে আরো টাকার জন্য পাখিকে মারধর করে।
ইউনুছের দাবি, বুধবার মারধরের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পাখি। এ সময় একটি কপি বাড়িতে নিয়ে আসে। এ ঘটনার জেরে রাতে বাড়িত এসে জিডির কপি ছিঁড়ে পুড়িয়ে ফেলে আনোয়ার। এরপর পাখিকে হত্যা করে ঘরে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় সে।
সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, নিহত পাখির কোনো লিখিত অভিযোগ পাননি। তবে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।


0 Comments