Breaking News

header ads

বেগমগঞ্জে মেয়েসহ শিক্ষিকা মায়ের প্রাণ কেড়েনিল পিকআপ!


গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষিকা ও তার দুই বছরের শিশু সন্তান ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় নিহত শিক্ষিকার আরও দুই মেয়েসহ তিনজন আহত হয়।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার ছালামের দোকান এলাকায় সোনাইমুড়ি-চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিরওয়ারিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পলি রানি মজুমদার ও তার দুই বছরের শিশু সন্তান নিভি রানি মজুমদার। আহত তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, চৌমুহনী চৌরাস্তা থেকে একটি সিএনজি অটোরিকশা আপানিয়ার দিকে যাওয়ার পথে স্থানীয় ছালামের দোকানের সামনে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে স্কুল শিক্ষিকা পলি ও তার শিশু কন্যা মারা যায়। আহত হয় ওই শিক্ষিকার আরও দুই মেয়েসহ তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে অটোরিকশা ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

Post a Comment

0 Comments